ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ম্যাচসেরার পুরস্কার পেয়ে ভিনিসিয়াস বললেন, ‘আমরা ভাত খাই’

মরক্কোর পর হাইতির বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। করেছেন অ্যাসিস্টও। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কুনহার জোড়া গোলের ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকার হাতে। সেই পুরস্কার অবশ্য খুব একটা কাজে আসবে না তার। ভিনিসিয়াস জানালেন, তিনি বিয়ার পান করেন না। বরং ভাত-জাতীয় খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার হাতে ভিনিসিয়াস বলেন, ‘আমি বিয়ার পান করি না। তাই এটি আমার জন্য আরও জটিল। আমরা সবসময় আমার বন্ধুদের সাথে ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মাংস খাই। আমি মনে করি এটিই আমার প্রিয় খাবার।’ বাংলাদেশ সময় শনিবার সকালে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতির বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে লুকাস পাকুয়েতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন ডি-বক্সে। সেখানে ওঁৎ পেতে থাকা ভিনিসিয়াস বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপে এটি রিয়াল মাদ্রিদ তারকার দ্বিতীয় গোল। জোড়া গোল করা মাথিয়াস কুনহা প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, ‘প্রতিপক্ষের ওপর নির্ভর করেই খেলোয়াড় এবং ফরমেশন ঠিক করা হয়। কুনহা খুব ভালো খেলেছে। সে ম্যানচেস্টার ইউনাইটেডে এভাবেই খেলে, একজন ফলস নাইনে হিসেবে। সে দুটি গোল করেছে। আমি তার জন্য খুব খুশি। সে তার সেরা মানে থাকার জন্য কঠোর পরিশ্রম করে।’ মাঠের পারফরম্যান্স নিয়ে তিনি জানান, হাইতির বিপক্ষে কৌশলগতভাবে দল ভালো খেলেছে। প্রথম ম্যাচের ড্রয়ের চাপ কাটিয়ে খেলোয়াড়রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ছিল বলেও মন্তব্য করেন তিনি। দলের কৌশল নিয়ে তিনি বলেন, ‘কোচ আমাকে মাঝখানে খেলার কথা বলেছিলেন। এটি আমি সত্যিই পছন্দ করি না। তবে যখনই মাঝখানে খেলি আমি গোল করি। আমাকে হয়তো আরও মাঝখানে খেলতে হবে।’

ম্যাচসেরার পুরস্কার পেয়ে ভিনিসিয়াস বললেন, ‘আমরা ভাত খাই’