ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ভিনিসিয়ুসকে বিক্রির পরামর্শ রিয়াল কিংবদন্তির

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। ইংলিশ ক্লাব আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মধ্যেই তিনি মনে করছেন, উপযুক্ত প্রস্তাব এলে ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়াই হবে রিয়ালের জন্য সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। নতুন চুক্তিতে কিলিয়ান এমবাপ্পের সমপর্যায়ের বেতন ও সুযোগ-সুবিধা চান ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার এই আর্থিক দাবি মেনে নিতে আপাতত আগ্রহী নন। ফলে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলা কার্লোস গঞ্জালেস বলেন, একসময় ভিনিসিয়ুসের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে তার আচরণে যে পরিবর্তন এসেছে, সেটিই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। গঞ্জালেসের ভাষায়, "আর্সেনাল যদি সত্যিই ভিনিসিয়ুসকে দলে নিতে চায়, তাহলে রিয়ালের উচিত ভালো ট্রান্সফার ফি নিশ্চিত করে তাকে বিক্রির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা।" তার মতে, চুক্তির জটিলতার পাশাপাশি মাঠের আচরণও ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় কোচ জাবি আলোনসো বদলি করতে চাইলে তার প্রকাশ্য অসন্তোষ ছিল পরিস্থিতি বদলে যাওয়ার বড় মোড়। এরপর থেকেই সমর্থকদের একটি অংশের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে বারবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। গঞ্জালেসের দাবি, ভিনিসিয়ুসের এই আচরণ শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, ড্রেসিংরুমের পরিবেশ এবং ক্লাবের শৃঙ্খলার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে ভালো দামে বিক্রি করতে পারলে সেটিই হবে রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি স্বার্থে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত।

ভিনিসিয়ুসকে বিক্রির পরামর্শ রিয়াল কিংবদন্তির