ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের রাজমিস্ত্রি রিফাত সেকের সঙ্গে তিন বছর আগে কুমিল্লার রিমা আক্তারের বিয়ে হয়। রোববার সকাল ১০টায় শিশু আলিফাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াতে যান তার দাদি সোনিয়া বেগম। এর মধ্যে আলিফের বাবা রিফাত সেক ঘরের ভেতর গিয়ে মেয়ে আলিফাকে নিঃশ্বাস না নিতে দেখে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন। এমন খবর ছড়িয়ে পড়লে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের বাবা রিফাত সেক বলেন, আমার মেয়ে আলিফাকে আমার স্ত্রী রিমা আক্তার মেরে ফেলেছে নাকি আমার মেয়ে মারা গেছে ময়নাতদন্তের মাধ্যমে আমি জানতে চাই। স্থানীয়রা বলেন, রিফাত ও রিমার দাম্পত্য জীবনে সবসময় ঝগড়া লেগেই থাকত। রিফাতের সঙ্গে মনোমালিন্য চলছিল রিমা আক্তারের। আলিফার দাদি সোনিয়া বেগম বলেন, আমার নাতনিকে ছেলের বউ রিমা মেরে ফেলেছে। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সিরাজদিখান থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শিশুকে হত্যার অভিযোগে মা আটক