চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চার সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা
শনিবার (১১ জুলাই) দুপুরে দামপাড়ায় চসিক রেস্ট হাউসে মেয়রের সঙ্গে চট্টগ্রামের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মেয়র বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এসব সমস্যার টেকসই সমাধানের একমাত্র পথ। এ লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
তিনি আরও বলেন, কমিটিগুলো সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নের জন্য সুপারিশ করবে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৮ (বায়েজিদ-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া ও ডবলমুরিংয়ের অংশ), চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী ও খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও ইপিজেড) সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কমিটিগুলো নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।