শহীদ জিয়াই কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন
তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে ওঠেছে। শুধু শহর নয়, প্রতিটি গ্রামগঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নয়, তিনি যেমন খোদাভীরু কবি তেমনি প্রেমের কবি। তিনি হিন্দু মুসলিম সবার কবি। তিনি শ্যামাসঙ্গীত লেখার পাশাপাশি ইসলামী সঙ্গীতও রচনা করেছেন। আমরা তার সাহিত্য থেকে ন্যায় অন্যায় বোধ শিখছি।
শুক্রবার বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দল বুঝতে পারে না- বিএনপি সরকার কী পরিবর্তন করেছে। বিএনপির কয়েক মাসের আমলে গুম হচ্ছে না, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, শেয়ারবাজার কেলেংকারি হচ্ছে না। কোনো প্রকার নিত্যপণ্যের দাম বাড়েনি এটাই পরিবর্তন। আগের পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত। এখন কৃষক পাটের ন্যায্য দাম পাচ্ছে।
বিরোধী দলকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনার বলেন- আধিপত্যবাদের কাছে মাথানত না করায় আপনারা ক্ষমতায় আসতে পারেননি। অথচ বিএনপির সঙ্গে জোট করে পেয়েছিলেন ১৮ আসন আর জোট থেকে বের হয়ে পেয়েছিলেন ৩ আসন।
তিনি বলেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না। বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছে তার সব বাস্তবায়ন করবে। ইতোমধ্যে খাল কাটা ও সব কার্ড দেওয়া শুরু হয়েছে। বিএনপি সরকার দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে।
জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক যথাক্রমে ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সবাই সচেতন থাকুন। ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ফ্যাসিবাদ ফিরে এলে আমরা কেউ বাঁচতে পারব না।