নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা
নরসিংদীর শিবপুরে গলায় ফাঁস দিয়ে মো. বিল্লাল হোসাইন (৪৯) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ গেট এলাকায় ওই স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার এসআই মামুন ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর।
নিহত বিল্লাল হোসাইন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দড়িখোজেখানি গ্রামের মৃত মো. হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন। বিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী রুমা বেগম তার মেয়ে মরিয়মকে বাসার নিকটে বিদ্যালয়ে দিয়ে বাসায় এসে দেখেন তাদের থাকার ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পর দরজা না খোলায় তিনি চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানে দড়ি দিয়ে মো. বিল্লাল হোসাইন ফাঁস নিয়েছেন।
বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ এসে সিলিং ফ্যান থেকে তাঁর মরদেহ নামায় এবং সুরতহাল করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী রুমা বেগম জানান, মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখেন রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করে দরজা খুলতে না পেরে তিনি চিৎকার করতে থাকেন। পরে লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তার স্বামী সিলিং ফ্যানে দড়ি দিয়ে ফাঁস নিয়েছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ নিয়ে যায়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আত্মহত্যায় ব্যবহৃত দড়ি ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।