ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মাত্র ১৫ বছর বয়সে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন ১৫ বছর বয়সী এই কিশোর তারকা। রোববার (২১ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবদন থেকে এ তথ্য জানা যায়।  প্রতিবদনে বলা হয়, শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে এই কিশোর ওপেনার ফিফটি পূর্ণ করেন একের পর এক বাউন্ডারির মাধ্যমে, যা প্রতিপক্ষকে রীতিমতো দিশেহারা করে দেয়। তার ইনিংসে রান আসে এভাবে- ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। এর আগে, স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও আফগানিস্তানের ‘এ’ দল নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১৫ জুনের ম্যাচে ভিন্ন এক ঘটনায় সমালোচিত হয়েছিলেন সূর্যবংশী। ভারতের হেরে যাওয়া ম্যাচটিতে ধাক্কা দিয়েছিলেন বিশেন হালাম্বাগেকে। এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১১ বলে। শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর। বয়সভিত্তিক ক্রিকেটে নিজের পারফরম্যান্স আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার মাধ্যমে এমনিতেই ব্যাপক পরিচিতি পেয়েছেন সূর্যবংশী। এত অল্প বয়সে মানসম্পন্ন বোলিং আক্রমণকে এভাবে দাপটের সঙ্গে সামলানোর সামর্থ্য তাকে দেশের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন বানিয়ে তুলেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই বিশ্বরেকর্ড গড়া ফিফটি তার দ্রুত উত্থানের পথটা আরও প্রশস্ত করলো বৈকি!  

মাত্র ১৫ বছর বয়সে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী