ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

সব প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর — কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

আজ শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন সংস্কৃতি মন্ত্রী। তিনি বলেন, প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সময় বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সব প্রস্তুতি শেষ, শিগগিরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর — কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী