ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৫ টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে জুলাই আন্দোলনে হত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলে এসবের প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। আজ সোমবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। যেখানে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। একই দাবিতে আগামী ৪ জুলাই সব জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণাও দিয়েছে জোটটি।

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির