ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বিশ্বকাপের শেষ ষোলোতে মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনাকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই তীব্র বিতর্ক চলছে। এর মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ দাবি করে, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচ জেতেনি এবং এই ফল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ ফলাফল। একই সঙ্গে ওই বার্তায় মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই–মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’ এএফএ আরও জানায়, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন