‘আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা ওদেরই হওয়া উচিত’
বেলজিয়াম বধের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামাল জানিয়ে দেন, ফরাসি ব্রিগেডকে বিন্দুমাত্র সমীহ করছে না লা রোজা’রা। বরং সাম্প্রতিক ইতিহাস টেনে ইয়ামাল বলেন, ভয়টা ফরাসিদেরই হওয়া উচিত।
ইয়ামাল বলেন, ‘ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত, কারণ আমরা ওদের দু-দুবার হারিয়েছি। আমরা ওদের মোটেও ভয় পাচ্ছি না। এই মুহূর্তে বুকভরা আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার যোগ্যতা রাখে, তবে সেটা আমরাই। আমার স্পষ্ট মনে হয়, আমরাই এই টুর্নামেন্টের সেরা দল।’
স্প্যানিশ সমর্থকদের আশ্বস্ত করে এই তরুণ জাদুকর আরও যোগ করেন, ‘দলের সবাই এখন দারুণ খুশি এবং উত্তেজিত। আমরা সেমিফাইনালে নিজেদের সবকিছু উজাড় করে দেব। সমর্থকেরা যেন আমাদের ওপর পূর্ণ আস্থা রাখেন এবং আপাতত শেষ চারে ওঠার আনন্দ উদযাপন করেন।’
স্পেন ও ফ্রান্সের মধ্যকার সবচেয়ে স্মরণীয় লড়াইগুলোর একটি ছিল ২০২৪ ইউরোতে। সেবার স্পেনের হয়ে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছিলেন ইয়ামাল, যা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল তার দলকে।
ফ্রান্সের বিপক্ষে কৌশলগত এবং মানসম্পন্ন এক লড়াইয়ের অপেক্ষায় থাকা আছেন বার্সেলোনার এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলবে, তবে পুরো ম্যাচ ধরে নয়। কোনো দলই পুরো মাঠজুড়ে এক-বনাম-এক লড়াই করবে না। আমরা সবাই জানি ফ্রান্সের উপরে ও নিচে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তারা অনেক শারীরিক শক্তির খেলা খেলে। আমরা নিজেদের মতো করেই খেলব এবং বল দখলে রাখার চেষ্টা করব।’