ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

সড়কের কাজে ধীরগতি শহরবাসীর ভোগান্তি

সুনামগঞ্জ পৌরবাসীর অভ্যন্তরীণ যোগাযোগ সহজ ও সুন্দর করতে শহরের ভেতরের চার কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজার তোরণ থেকে আলফাত উদ্দিন স্কয়ারে সড়ক উন্নয়ন প্রকল্প এখন মানুষের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রকল্পের শুরুতে কাজের গতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ধীরগতিতে রূপ নিয়েছে। গাড়িচালক মাজহারুল ইসলাম বলেন, রাস্তা ভাঙা দেখে খুশি হয়েছিলাম। দ্রুত চার লেনের সড়কে চলাচল করতে পারব। লেগুনা স্ট্যান্ডের সামনের একটা অংশ সড়ক পুননির্মাণ করাও হয়েছে। এরপর আর কাজের কোনো খোঁজখবর নেই। রিকশাচালক ইব্রাহিম মিয়া বলেন, এই সড়কে আসতে এখন ভয় লাগে। প্রচণ্ড ঝাঁকুনি লাগে সেই সঙ্গে শক্তি লাগে স্টিয়ারিং সামলাতে। গাড়িরও ক্ষতি নিজেরও ক্ষতি। সুনামগঞ্জের ডিসি, এসপিও এই সড়ক দিয়ে চলাচল করেন। তাদেরও কি চোখে পড়ে না মানুষের এই কষ্ট। চার লেন প্রকল্পের ঠিকাদারের ইঞ্জিনিয়ার গোলাম আজম বলেন, এটা সত্য দীর্ঘদিন পর্যন্ত রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। এতে মানুষের চলাচলের কষ্ট হচ্ছে। সড়কের সঙ্গে কামারখালে একটি কালভার্ট হবে। আমরা চেষ্টাও করেছি কিন্তু পাইলিং ছাড়া হবে না। বিদ্যুতের ট্রান্সফরমার থাকায় সড়কের কাজও করাতে পারছি না। বিদ্যুতের ট্রান্সফরমার সরালেই কাজ শুরু হবে।  বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, ট্রান্সফরমার সরানোর কাজ শুরু হলে একটা অংশের বিদ্যুৎ বন্ধ থাকবে, এতে বিকল্প ব্যবস্থা করে কাজ করতে হবে। ট্রান্সফরমার সরানোর প্রস্তুতি নেওয়া আছে। ঈদের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফিরলে সরিয়ে ফেলা হবে।  

সড়কের কাজে ধীরগতি শহরবাসীর ভোগান্তি