ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

কানাডার ক্রুজ যাত্রী হান্টাভাইরাসে ‘সম্ভাব্য আক্রান্ত’

কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, এমভি হন্ডিয়াস নামের একটি ক্রুজ জাহাজে থাকা একজন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ যাত্রী অ্যান্ডিস হান্টাভাইরাসে ‘সম্ভাব্য আক্রান্ত’ হিসেবে শনাক্ত হয়েছেন। হান্টাভাইরাসে আক্রান্ত জাহাজটিতে কানাডার যে চারজন নাগরিক ছিলেন, ওই আক্রান্ত ব্যক্তি তাদেরই একজন। জাহাজটি গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু বিরল ইঁদুরবাহিত এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ওই আক্রান্ত ব্যক্তি চারজন উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তির মধ্যে একজন। উপসর্গ দেখা দেয়ায়, তিনি স্বেচ্ছায় আইসোলেশনে ছিলেন। অ্যান্ডিস হান্টা ভাইরাস পরীক্ষায় তিনি সম্ভাব্য আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। অ্যান্ডিস ধরনের হান্টাভাইরাসই একমাত্র পরিচিত ধরন, যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। বিশ্বজুড়ে এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোগী ও তার সঙ্গীদের শুক্রবার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সামান্য উপসর্গ ছিল এবং হাসপাতালে তারা আইসোলেশনে থাকবেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আইসোলেশনের জন্য সুরক্ষিত আবাসনে থাকা তৃতীয় এক ব্যক্তিকে সংক্রমণ পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত করার পরীক্ষার ফলাফল আগামী কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র : বাসস

কানাডার ক্রুজ যাত্রী হান্টাভাইরাসে ‘সম্ভাব্য আক্রান্ত’