ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

দ্বিতীয় ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই ম্যাচ জিতলেই নক আউট নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ হয়ে এসেছে গঞ্জালো মন্টিয়েলের চোট। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এই ডিফেন্ডারকে পাচ্ছে না আর্জেন্টিনা। দলীয় সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন গঞ্জালো মন্টিয়েল। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা এই রাইট ব্যাক গত কয়েকদিন অনুশীলনেও অংশ নিতে পারেননি। তার পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ডান প্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে তাকেই মাঠে নামিয়েছিলেন লিওনেল স্কালোনি। তবে মন্টিয়েলের চোটকে গুরুতর হিসেবে দেখছে না আর্জেন্টিনার। দলের আশা, মন্টিয়েল হালকা অনুশীলনের মাধ্যমে দ্রুত সেরে উঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন। আগামী সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে নকআউট নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ