র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, কেক কাটা, পায়রা-বেলুন উড্ডয়ন ও ফ্ল্যাশ মবে উৎসব মুখর ক্যাম্পাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষাসমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় তিনি শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হলেও এখানকার শিক্ষা, মূল্যবোধ, বন্ধুত্ব ও স্মৃতিগুলো আজীবন শিক্ষার্থীদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী পর্বে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে পায়রা ও বেলুন উড়িয়ে ‘একাগ্র-২১ শিক্ষা সমাপনী উৎসব-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ ও উৎসবের আমেজ।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্ল্যাশ মব। নাচ, গান ও প্রাণবন্ত পরিবেশনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে তৈরি করেন উৎসবমুখর আবহ। ফ্ল্যাশ মব ঘিরে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।