বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, গত ৩ আগস্ট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত এবং আরও ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উভয় পক্ষ একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করায় ক্যাম্পাসে পুনরায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত চিঠিটি ৪ আগস্ট তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।