বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পসহ প্রান্তিক মানুষের হাতে তৈরি বিভিন্ন পণ্য বিক্রি ও বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একদল শিক্ষার্থী। তাদের উদ্যোগে গড়ে ওঠা কারুকুঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় কারিগর ও প্রান্তিক মানুষের তৈরি পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মুমিনপুর কুমারপাড়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন মাটির সামগ্রী সংগ্রহ করে তা প্রচার ও বিক্রি করছেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে কারিগররা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি নতুন ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।
উদ্যোক্তারা জানান, প্রান্তিক মানুষের হাতে তৈরি পণ্য অনেক সময় বাজারজাতকরণের সুযোগ ও সঠিক প্রচারের অভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে না। ফলে এসব পণ্যের সঙ্গে জড়িত অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কারুকুঞ্জের মাধ্যমে তাদের তৈরি পণ্য সরাসরি সংগ্রহ, প্রচার ও বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।
শিক্ষার্থীদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করা এবং তাদের হাতে তৈরি পণ্যের মূল্য ও পরিচিতি বাড়ানো। পাশাপাশি হারিয়ে যেতে বসা মৃৎশিল্পসহ দেশীয় ঐতিহ্যবাহী কারুশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও তাদের অন্যতম উদ্দেশ্য।
উদ্যোক্তারা মনে করেন, প্রান্তিক মানুষের তৈরি পণ্য কেনা ও ব্যবহারে মানুষের আগ্রহ বাড়লে একদিকে যেমন কারিগরদের জীবনযাত্রার উন্নতি হবে, অন্যদিকে দেশের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিও টিকে থাকবে।
বেরোবির শিক্ষার্থীদের এই উদ্যোগ তাই শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রান্তিক মানুষের শ্রম, সৃজনশীলতা ও ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটি ইতিবাচক প্রচেষ্টা।