আজ সোমবার মাইলস্টোন কলেজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ২৬২ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯৩ জন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২২৬ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ।
ফল প্রকাশের পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে আনন্দের পরিবেশ তৈরি হয়। কৃতী শিক্ষার্থীরা শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের সঙ্গে সাফল্য উদ্যাপন করে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য এসেছে।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।’