ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) ইবি শাখার আয়োজনে নবীন বরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি নিলয় অধিকারীর সভাপতিত্বে এবং গাজী মেজবাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শরীফ আল-রেজা। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মিন্টু কুমার বিষ্ণু। প্রধান বক্তা ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন।
সংগঠনটির সভাপতি নিলয় অধিকারী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সৃষ্টি হয়েছে মূলত পারস্পরিক সহযোগিতার জন্য। সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমাদের নেতৃত্ব গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের শাসন, ভালোবাসার পাশাপাশি কানেক্টিভিটি তৈরি হয়।
তিনি আরও বলেন, উষা কালীগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিকিয়ানদের সংগঠন। প্রত্যাশা করি, যারা বিদায় নিচ্ছে তারা অনেক উপরে উঠুক, নবীনদের মধ্য থেকে নেতৃত্ব গড়ে উঠুক। মেধা ও স্কিল বিকশিত হোক। উষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ।
উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাকেন্দ্রীক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন। বর্তমানে সারাদেশে ঊষার ৩৮টি কমিটি ও ১টি কেন্দ্রীয় কমিটি আছে।