ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শারমিন মূসা ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রভাষক আশিকুর রহমান সমী বিভাগের পরিচিতি তুলে ধরেন। নবীনদের পক্ষে সাদিয়া আক্তার অনুভূতি ব্যক্ত করেন। বিভাগের প্রভাষক জান্নাতুন নাহার ঝিনু এবং অনিকা তাবাসসুম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে তাদের গড়ে উঠতে হবে। নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্রতী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্য চর্চা-সহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ঐতিহ্যকে ধারণ করতে হবে। তিনি বলেন, শুধু ক্যারিয়ার গঠন করলেই হবেনা। দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাগরণী গান পরিবেশিত হয়।