যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর পাঁচজন শিক্ষক ও গবেষক।
তালিকায় স্থান পাওয়া ইবির গবেষকরা হলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান (বৈশ্বিক অবস্থান ৮৪,৪৪৭), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া (১,৪৫,২৮৫), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান (১,৭২,৩৮৯), বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শহিন আলী (১,৯৮,২২৫) এবং গবেষক নজরুল ইসলাম (৪,২০,২৪৫)।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা (কনসিস্টেন্সি) এবং সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান অবস্থান ও বৈশ্বিক জ্ঞানচর্চায় এর অবদানেরই প্রতিফলন।
এদিকে একই মূল্যায়নের ভিত্তিতে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এ অর্জন প্রসঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, “এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় অর্জন। আমি এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের নবীন গবেষকদের উৎসর্গ করছি। আশা করি, তারা গবেষণায় আরও উৎসাহিত হবে এবং নতুন নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে।”
বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় ইবির পাঁচজন শিক্ষক ও গবেষকের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।