দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য ঘোষণা করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম।
সংগঠনটি জানায়, আজ সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে, ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ৫ শতাংশ ভ্যাট যোগ করে বিক্রয়মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। এবার নির্ধারিত ভ্যাটসহ নতুন দাম কমিয়ে আনা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা, এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
একইসাথে রুপার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা, এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৩২৪ টাকা।
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণের ওপর নির্ধারিত অঙ্কে ভ্যাট আরোপের প্রস্তাব দেয়া হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতো।
নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।