জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও পুরস্কার ঘোষণা করেছেন এক সমর্থক।
শুক্রবার (১৯ জুন) বিকালে টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এই লিখিত অভিযোগ দেন।
এমনকি পতাকাটি কেউ পেলে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বড় অঙ্কের টাকা।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে দেয়। বৃহস্পতিবার রাতের কোনো একসময় পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পতাকা না পেয়ে শুক্রবার ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
টুটুল সিকদার বলেন, ক্লাবের সদস্যরা সবাই শিক্ষার্থী। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে অথবা বাড়ি থেকে চেয়ে নিয়ে পতাকার জন্য অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। এ ঘটনায় আমরা কষ্ট পেয়েছি। আরও পড়ুনআরও পড়ুনব্রাজিলের জয়ে গৌরীপুরে বিশাল আনন্দ মিছিল
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের যুগান্তরকে জানান, পতাকা চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।