বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ দফতরে নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগপত্র প্রদান করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে ছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজয়।
তামিলনাড়ু পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে বাছাই করা ৪০১ জন প্রার্থীকে এদিন আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেয়া হয়। তাদের মধ্যে ছিলেন ৩৮৩ জন সহকারী ইঞ্জিনিয়ার এবং ১৮ জন সহকারী হিসাব কর্মকর্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়া লক্ষ্মী নামে এক প্রার্থী, যিনি গর্ভাবস্থার একেবারে শেষের দিকে ছিলেন।
তার নাম ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে মঞ্চে উঠে নিয়োগপত্র গ্রহণ করা তার জন্য কষ্টকর হতে পারে। এরপরই ঘটে ব্যতিক্রমী ঘটনা। কোনো বিশেষ ব্যবস্থা করার নির্দেশ না দিয়ে বা কর্মকর্তাদের সাহায্যের অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে নেমে আসেন। উপস্থিত সকলকে বিস্মিত করে তিনি সরাসরি অক্ষয়ার আসনের কাছে গিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। শুধু নিয়োগপত্র দিয়েই থেমে থাকেননি বিজয়।
চাকরি পাওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার শারীরিক সুস্থতা এবং নিরাপদ সন্তান প্রসবের শুভকামনাও জানান। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক আচরণে অনুষ্ঠানস্থলে উপস্থিত মানুষ করতালিতে ফেটে পড়েন।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ এই উদ্যোগকে একজন জননেতার মানবিকতার পরিচয় বলে উল্লেখ করেছেন। অনেকের মতে, প্রশাসনিক প্রথার গণ্ডি পেরিয়ে একজন নাগরিকের প্রয়োজনকে গুরুত্ব দেয়ার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয় সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ এবং সহজলভ্যতার বার্তা দেয়ার চেষ্টা করে আসছেন।