টানা অতিবৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল প্রাঙ্গণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হলের বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় দীর্ঘ সময় ধরে পানি জমে রয়েছে। ফলে অনেকেই কক্ষ থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। হলের বিভিন্ন অংশে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক তাওকির হাসান The Campus Times-কে বলেন,
"জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে পানি অপসারণের জন্য আজই ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হবে।"
এদিকে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।