চাকসুর সহায়তায় প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্-ফোরকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ছাত্র সংসদ চাকসুর সহায়তায় একটি মেডিকেল কর্নার উদ্বোধন করা হয়েছে এবং স্নাতক পরীক্ষায় প্রথম তিন স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১২ জুলাই, রোববার হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্-ফোরকান।
হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আল আমিন, আর সভাপতিত্ব করেন হল সংসদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি।
অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ হল সংসদের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা এবং সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি।
অনুষ্ঠানের অপর অংশে স্নাতক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।