তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অন্যতম চালিকাশক্তি।" তিনি বলেন, উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, সফলতার পথে নানা প্রতিকূলতা থাকলেও দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সরকার তরুণ উদ্যোক্তাদের পাশে থেকে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করা হয়। নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন সেবা এক জায়গা থেকে পাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।