দেশের ফুটবলপ্রেমীদের মতো আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের উত্তেজনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণিও। ম্যাচ চলাকালীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার জমা হয়। তবে মন্তব্যের ঘর বন্ধ রাখেন পরীমণি।
খেলা শেষ হওয়ার পর অরেকটি পোস্ট করেন পরীমণি। সেখানে তিনি মজা করে লেখেন, ‘হেরি কেইন, পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!’
পরীমণির এই স্ট্যাটাসকে অনেকেই রসিকতা হিসেবেই দেখছেন। কারণ, ফুটবল নিয়ে তিনি বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সামাজিক মাধ্যমে প্রায়ই মজার ছলে বিভিন্ন মন্তব্য করেন।
বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাঁদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরে ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে এককভাবেই জীবন কাটাচ্ছেন পরীমণি। পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।