ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

২০ বছর পর গাজার নিয়ন্ত্রণ ছাড়ছে হামাস

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে। হামাসের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন ধরেই গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এতদিন উপত্যকাটি শাসন করে আসছিল হামাস। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন। হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। আরেক হামাস কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপদলগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে গাজার শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে বড় ও আন্তরিক পদক্ষেপ বলে অভিহিত করেছে। হামাসের এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার সুযোগ পাচ্ছে।

২০ বছর পর গাজার নিয়ন্ত্রণ ছাড়ছে হামাস