ফাঁসির আসামি সোহেল–স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক আজকের পত্রিকাকে বলেন, পল্লবীর মামলায় পেপারবুক প্রস্তুত হয়েছে গত রোববার। আমি হাতে পেয়েছি সোমবার। হাইকোর্ট দণ্ডিতদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত হিসেবে আইনজীবী নিয়োগ দিতে সলিসিটার অফিসকে নির্দেশ দিয়েছেন।
দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ৯ জুন মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। আর মাত্র ২ কর্মদিবসে ওই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ১১ জুন পৃথক জেল আপিল করেন দুই আসামি। গত ১৪ জুন তা শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ওই দিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে তার আগেই মূল আসামি ও স্বপ্নার স্বামী সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।