ঢাকা    শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

পরীক্ষার হলে টিকটক ভিডিও ভাইরাল, তদারকি নিয়ে প্রশ্ন 

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালে ধারণ করা একটি টিকটক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি বৃহস্পতিবার ভাইরাল হওয়ার পর পরীক্ষার পরিবেশ ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর সামনের সারিতে বসা এক শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। এ সময় কয়েকজন পরীক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছে; কেউ অন্যের খাতা দেখে লিখছে; কারও হাতে মোবাইল ফোনও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানতে চেয়েছেন, গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে কীভাবে মোবাইল ফোন প্রবেশ করল এবং ভিডিও ধারণের সুযোগ তৈরি হলো। তাদের মতে, কঠোর তদারকি থাকলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা নয়। অভিভাবক আজিজুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরীক্ষার হলে কঠোর নজরদারি নিশ্চিত করা উচিত।’  কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক উদয়নাথ লাহিড়ী বলেন, ‘পরীক্ষা চলাকালে এ ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল।’ এ বিষয়ে অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, ‘সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আমিও দেখেছি। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি কাজে রয়েছি। শিক্ষক সংকটের কারণে প্রতিটি কক্ষে দুজন শিক্ষক দেওয়া সম্ভব হয়নি। কয়েকটি কক্ষে একজন শিক্ষক দায়িত্ব পালন করেছেন। যে শিক্ষার্থী ভিডিওটি ধারণ করেছে, তাকে ডাকা হয়েছে। তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’ তবে এ ঘটনায় কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না— এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেওয়ার আগেই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

পরীক্ষার হলে টিকটক ভিডিও ভাইরাল, তদারকি নিয়ে প্রশ্ন