ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল, আতঙ্কে বন্ধ কাজ

স্থানীয় সূত্রে জানা গেছে, পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকেরা মাটি খননের সময় প্রায় দুই থেকে তিন ফুট গভীরে পাশাপাশি থাকা ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান। বিস্ফোরক সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল। তবে এগুলো কতটা পুরোনো বা কার্যক্ষম, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। সাধারণত দীর্ঘদিন মাটির নিচে থাকলে মর্টার শেলে জং ধরার কথা, কিন্তু উদ্ধার হওয়া বস্তুগুলোতে তেমন জং দেখা যায়নি। তাই বিষয়টি নিশ্চিত হতে বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষা করা হচ্ছে। তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত করবেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিরাপদ স্থানে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল, আতঙ্কে বন্ধ কাজ