নিহত দুই সহোদর প্রবাসী সজীব ও সুজন উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে।
পারিবারিক সূত্র বলেছে, বড় ভাই সজীব দীর্ঘদিন সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে তিনি ছোট ভাই সুজনকে কাজের সহযোগিতার জন্য নিয়ে যান। ১৫ জুলাই রাতে খেজুরবোঝাই একটি পিকআপ ভ্যানে করে বাগান থেকে ফিরছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজীব ও সুজন। আইনি প্রক্রিয়া শেষে গতকাল রাতে তাঁদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে তাঁদের পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে দুই ভাইয়ের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কফিনবন্দী লাশ গ্রামে পৌঁছানোর পর শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। আজ জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।