সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৪ জন আটক
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। আটকরা হলেন—ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দিদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মীর একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরবর্তীতে দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। মিছিলের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।