জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন।