জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি সরকারি ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১২ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০ জন ধারণক্ষমতার ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু ও কয়েকজন শিশু ছিলেন। বৈরি আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর ডুবুরি, নৌযান ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাম্বিয়া সীমান্তসংলগ্ন কারিবা হ্রদ বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদগুলোর একটি। এই দুর্ঘটনাকে হ্রদটির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।