পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমনা রায় পাবনা জেলার প্রতিনিধি হিসেবে Policy Camp 2026-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। দেশব্যাপী বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩০ জন তরুণের মধ্যে তিনি একজন।
ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (IID) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর যৌথ আয়োজনে আগামী ১৫ থেকে ২১ আগস্ট রাজধানী ঢাকায় সাত দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দেশের ৩০টি জেলা থেকে নির্বাচিত ৩০ জন তরুণ এতে অংশগ্রহণ করবেন।
আয়োজকদের মতে, এই পলিসি ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণদের নীতিনির্ধারণ, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ, জনস্বার্থভিত্তিক নীতি বিশ্লেষণ এবং সমসাময়িক উন্নয়ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন, কর্মশালা ও আলোচনার আয়োজন করা হবে। পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগও তৈরি হবে এই আয়োজনের মাধ্যমে।
জাতীয় পর্যায়ের এই আয়োজনে অংশগ্রহণের সুযোগকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সুমনা রায়। এ বিষয়ে তিনি দ্য ক্যাম্পাস টাইমস'কে বলেন, “Policy Camp 2026 -এ অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এখানে নতুন কিছু শেখার পাশাপাশি অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার বিশ্ববিদ্যালয় ও সমাজের জন্য ভালো কিছু করতে চাই।”
সুমনা রায়ের এই অর্জনে তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে পাবিপ্রবির শিক্ষার্থীর অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি ইতিবাচক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সুমনা রায়ের এই অর্জনে তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে পাবিপ্রবির শিক্ষার্থীর অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি ইতিবাচক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।