ঢাবি প্রতিনিধি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (HRDS)। চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ ও ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে টানা তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।
বুধবার (১১ নভেম্বর) এইচআরডিএসের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানানো হয়। একই দিন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাত দফা দাবি জানানো হয়।
দেশজুড়ে সহিংসতার বিষয়ে এইচআরডিএসের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ, রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবর প্রকাশিত হয়েছে।
এসব ঘটনার মধ্যে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছে সংগঠনটি। পাশাপাশি রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে একজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনাও উদ্বেগজনক বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের বিবৃতিতে বলা হয়, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর সন্ধ্যায় টিএসসি, সিনেট ভবন, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। পরদিন ৯ নভেম্বর টিএসসি ও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ ১০ নভেম্বর দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন গাড়িচালক গুরুতর আহত হন, চিকিৎসা নিতে হয় আরেক শিক্ষার্থীকে এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসে এভাবে ধারাবাহিক বিস্ফোরণ ও প্রাণঘাতী বিস্ফোরক নিক্ষেপ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে দিনের বেলায় একাডেমিক ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও চলাচলের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্পাসে কীভাবে বিস্ফোরক প্রবেশ ও নিক্ষেপ করা হচ্ছে এবং তা প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার ব্যাখ্যা দিতে হবে।
এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের আটকের পর মারধরের অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা হলেও তার প্রতি নির্যাতন বা গণপিটুনি গ্রহণযোগ্য নয়। প্রত্যেকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
দেশজুড়ে সহিংসতা বন্ধে এইচআরডিএস আট দফা আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে—বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা, ফরিদপুরে নিহত বাসচালক কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, তার পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট সাত দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে সাম্প্রতিক সব বিস্ফোরণের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের শনাক্ত করা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো অবহেলা বা দায়িত্বহীনতা ছিল কি না তা খতিয়ে দেখা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং নিয়মিত নিরাপত্তা টহল নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
দেশজুড়ে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন ও অনলাইনে নির্দেশনা প্রদানের অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এইচআরডিএস।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। অপরাধ দমনের নামে নির্বিচার গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন কিংবা বিচারবহির্ভূত পদক্ষেপও গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা রাজনৈতিক সহিংসতার পরীক্ষাগার হতে পারে না। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তাদের মৌলিক অধিকার। তাই দেশজুড়ে সহিংসতা প্রতিরোধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব জনপরিসরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর, দৃশ্যমান ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।