নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দুটি অধিবেশনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ আয়োজন করে সংগঠনটি।
এ সময় প্রায় ১২০০ শিক্ষার্থীকে আল-কুরআন, ফুল, সাংগঠনিক বই ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আয়োজন শুরু হয়ে দুটি অধিবেশনে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০:০০ টায় ১ম অধিবেশন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, শিক্ষা বিজ্ঞান অনুষদ, আইআইএস ও আইআইটি-র শিক্ষার্থীদের নিয়ে দুপুর ২:০০ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান মিয়াজী ও তাহফিমুল মারুফ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ২য় অধিবেশনে প্যানেল আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং আল্লাহ প্রদত্ত লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে একজন সফল মানুষ হতে, একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তুলতে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।" ক্যাম্পাসগুলোতে ঐক্য, ভ্রাতৃত্ব, সহনশীলতার প্রতি আহ্বান জানিয়ে বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেন তিনি।
নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, "দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ বিশ্ববিদ্যালয় জীবনে এসেছি। আমরা ভবিষ্যতে নিজেদেরকে আলোকিত অভিযাত্রী হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের জন্য এমন একটা সুন্দর আয়োজন করে বরণ করে নেওয়ার জন্য।"
অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের সময় নয়, বরং নিজেকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং সময় ব্যবস্থাপনার মতো বিষয়েও দক্ষ হয়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে।"
তিনি আরও বলেন, "ক্যাম্পাসজীবনে মতের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সহনশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।" শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন। এছাড়াও তিনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আলোচনা পর্বের পাশাপাশি 'ফুনুন শিল্পীগোষ্ঠী' মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের হাতে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, নোটপ্যাড, কলম, চাবির রিং ও উপহার ব্যাগ তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।