সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত আনতে সব ধরনের নথিপত্রসহ আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে করা মামলার কপি, চার্জশিট, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ অন্যান্য নথিপত্র হুবহু ইংরেজি ও ইউএই এর রাষ্টীয় ভাষা আরবিতে অনুবাদ করে শিগগির জমা দেওয়া হবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে। এরপর ইন্টারপোলের বাংলাদেশ ফোকাল পয়েন্ট ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় দুবাই এনসিবির দপ্তরে পাঠাবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদকের তদন্ত দল। গত রোববার দুবাই ইন্টারপোল থেকে তার গ্রেফতার সংক্রান্ত পত্র পেয়েছে কমিশন। তাকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে দুদক শিগগির আবেদন পাঠাবে পুলিশ সদরদফতরে। ইংরেজি ও আরবিতে লেখা এই আবেদনের সঙ্গে তার বিরুদ্ধে করা মামলা সংক্রান্ত সব ধরণের নথিপত্র আবেদনে যুক্ত করা হবে।