আলী খামেনির জানাজা উপলক্ষে ভারত থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার আগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দেন এলাহী।
বৃহস্পতিবার দেওয়া ওই সাক্ষাৎকারে এলাহী বলেন, ইরানি কর্তৃপক্ষ মোজতবার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। ইসরায়েলের সঙ্গে চরম উত্তেজনার আবহে ইরান যখন সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন নিরাপত্তাজনিত কারণে মোজতবার বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাহী বলেন, গত সপ্তাহে তিনি ইরানে ছিলেন। তখন মোজতবার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন কয়েকজনের সঙ্গে তাঁর আলাপ হয়। তারা জানিয়েছেন, মোজতবা প্রকাশ্যে আসতে চান, সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চান। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাঁকে প্রকাশ্যে আসার অনুমতি দিচ্ছে না।
হাকিম এলাহী আরও বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আমরা তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না। আমার মনে হয় এ কারণে তিনি প্রকাশ্যে আসবেন না।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা করলে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন আলী খামেনি। ওই সময় মোজতবাও গুরুতর আহত হন। এরপর থেকে তিনি অন্তরালে আছেন। তাঁকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার পর একাধিকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তবে সেগুলো পড়ে শুনিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকরা।