চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবারই বদলি হিসেবে মাঠে নেমেছেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে শেষ ১৪ মিনিট খেলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী ৫ জুলাই দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি।
ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দে সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে (নেইমার) সন্তুষ্ট নয়, কিন্তু খুব ভালো আচরণ করছে। দারুণ অনুশীলন করছে। নেইমার অত্যন্ত শ্রদ্ধাশীল, ভদ্র এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন, কারণ তার অসাধারণ সামর্থ্য আছে এবং সে খুবই বিনয়ী মানুষ। আমি তাকে নিয়ে খুবই খুশি। আর অবশ্যই, সে সব সময়ের মতোই খেলতে চায়।’
চোটের কারণে অনিশ্চয়তা নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছিলেন নেইমার। ডান পায়ের কাফের চোট থেকে সেরে উঠলেও শুরু থেকেই তাঁকে সীমিত সময়েই ব্যবহার করা হচ্ছে। তবে আনচেলত্তি জানিয়েছেন, এখন তিনি পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন।
আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে (নেইমার) খেলতে পারছে। কতক্ষণ খেলবে, সেটা কেউ জানে না। ম্যাচে নিজের সময় ও খেলার গতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই অভিজ্ঞতা তার আছে। যখন আমি মনে করব দলকে তার প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব।’