মায়ামিতে আজ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর মেসি মিক্সড জোন নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা হয়ে গেল সোফি মার্তিনেস নামের এক নারী সাংবাদিকের। দেখা হতেই সোফিকে চুমু দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর্জেন্টাইনরা সাধারণত এভাবেই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। চুমু দেওয়ার পর রসিকতার সুরে মেসি বলেন, ‘তোমার দিকে যদি তাকাই, তা শুধু তোমার জন্যই। তোমাকে যদি শুভেচ্ছা জানাই, সেটা শুধু তোমার জন্যই।’
রুদ্ধশ্বাস জয়ের দিনে আর্জেন্টিনার গোল দুটি করেছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। যার মধ্যে মেসি ২৯ মিনিটে গোল করেছেন মার্তিনেসের অ্যাসিস্টে। এই মার্তিনেস গোল করেছেন ৯২ মিনিটে। আর কেপ ভার্দের গোল দুটি ৫৯ ও ১০৩ মিনিটে করেছেন দেরয় দুয়ার্তে ও সিদনি লোপেস কাবরাল।
৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের দিনে মেসি একগাদা রেকর্ড গড়েছেন। দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৯ অ্যাসিস্টের রেকর্ডটাও মেসি করতে পারতেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যারাডোনার অ্যাসিস্ট ছিল আটটি। তবে আজ ১১১ মিনিটের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নামে গোল লেখা হলেও পরে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল ধরা হয়েছে। যার ফলে অ্যাসিস্ট আর মেসির নামে লেখা হয়নি।
রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনার শেষ ষোলোতে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। ডালাসে গত রাতে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ।