শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন।
এর আগে গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফলাফলের একটি অংশ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ফল ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার ডিপিইর পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়, ৮ জুলাই বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত করা হয়। পরে ফল প্রকাশের জন্য ওয়েব পোর্টালের প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল ওয়েবসাইটে আপলোড না করার নির্দেশনা থাকলেও ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনার তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।
তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ থেকে ১৮ এপ্রিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা করে বৃত্তি পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য এককালীন অনুদান ২২৫ টাকা এবং মাসিক বৃত্তির পরিমাণ ২২৫ টাকা।