পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা দিতে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘ক্যারিয়ার কর্নার’। উপাচার্যের ব্যক্তিগত আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত এই কর্নারে বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক সর্বশেষ বই, সাময়িকী এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক উপকরণ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে ‘ক্যারিয়ার কর্নার’ উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়, এটি তাদের অধিকার। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সেই লক্ষ্যেই কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রকে আধুনিকায়ন করা হচ্ছে।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য একটি বিশ্বমানের স্মার্ট লাইব্রেরি গড়ে তোলা। এ লক্ষ্যে ই-বুক ও আন্তর্জাতিক মানের ই-জার্নালের সাবস্ক্রিপশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তের সর্বশেষ গবেষণাপত্র সহজেই পড়তে পারেন। পাশাপাশি রেফারেন্স বইয়ের সংখ্যা বৃদ্ধি, লাইব্রেরিতে ডেডিকেটেড হাই-স্পিড ওয়াই-ফাই সংযোগ এবং কয়েকটি কম্পিউটারসহ একটি ছোট ‘আইটি জোন’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া লাইব্রেরির কার্যক্রম রাত ১০টা পর্যন্ত চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লাসহ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ক্যারিয়ার কর্নার’ চালু হওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।