পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ, বিএসএস, ব্যাচেলর অব আর্কিটেকচার এবং বি.ফার্ম প্রফেশনাল প্রোগ্রামের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নিয়মিত ক্লাস আগামী ১৫ জুলাই (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসটি (GST) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পাবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগে চূড়ান্তভাবে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর ক্লাস নির্ধারিত তারিখ থেকে যথারীতি শুরু হবে। নির্দিষ্ট দিনে সকল নবীন শিক্ষার্থীকে যথাসময়ে স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাধীন গণিত, সিএসই, ইইই, ব্যবসায় প্রশাসন, পদার্থ বিজ্ঞান, আইসিটি, ইইসিই, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, বাংলা, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার, রসায়ন, সমাজকর্ম, পরিসংখ্যান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইংরেজি, লোক প্রশাসন, ইতিহাস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ সকল বিভাগের ক্লাস একযোগে শুরু হবে।
দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত ক্লাস শুরুর ঘোষণায় নবীন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।