জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম।
স্মরণসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাহফিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈন ওলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মঞ্জুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আন্দোলনের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রক্রিয়া এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেন। একই সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতীতের বিভিন্ন শিক্ষার্থী আন্দোলন ও গণআন্দোলনের ইতিহাস নিয়েও আলোচনা করেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার দীর্ঘদিনের সংগ্রাম ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।