ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বরিশালে নদীতে মিলল নিখোঁজ অটোচালকের বস্তাবন্দী মরদেহ

নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। পরিবারের বরাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে নাজমুল বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার তাঁর পরিবার থানায় একটি জিডি করে। আজ সকাল ৭টার দিকে বাড়ির অদূরে কালিজিরা নদীতে স্থানীয় লোকজন বস্তাবন্দী একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি নাজমুলের বলে শনাক্ত করেছেন। ওসি আরও জানান, মরদেহটি একটি বস্তায় ভরে কাঁথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়। দেখে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশালে নদীতে মিলল নিখোঁজ অটোচালকের বস্তাবন্দী মরদেহ