পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মাতৃভাষা মহিলা হলে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ‘তিলোত্তমায় ত্রয়োদশ’ শীর্ষক বিদায়-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যার পর হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।
মাতৃভাষা হলের প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল-ফাহাদ ভূঁঞা, মাতৃভাষা হলের সহকারী প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ে হল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরেন। মাতৃভাষা হলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং বিদায়ীদের মানসপটে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।