ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা এবং দাপ্তরিক সময়সূচি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের অফিস প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও অফিস প্রধানরা।
উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, নির্ধারিত সময়ের পরিবর্তে ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করলে কিংবা শ্রেণি কক্ষে উপস্থিতির ক্ষেত্রে অনিয়ম হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, শুধু আইন বা বিধিনিষেধের মাধ্যমে একজন শিক্ষকের সব দায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষকদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখা। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত নৈতিকতা ও পেশাগত সচেতনতার গুরুত্ব রয়েছে। এছাড়া কর্মকর্তাদের নির্ধারিত অফিস সিডিউলের মধ্যে থেকে প্রতিদিনের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে। দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে৷
তিনি আরও বলেন, মাদকের বিষয়ে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবো। একই সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে ছুটি গ্রহণ করতে হবে। আশা করি, একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষ অর্জনে আপনারা আমাকে সর্বোচ্চ সহায়তা করবেন।